বিশেষ প্রতিনিধি
নেত্রকোণার মদন উপজেলায় হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলায় গ্রেপ্তারের পর নতুন করে আরও অন্তত ৬ জন শিশু ছাত্রীকে ধর্ষণ ও যৌন পীড়নের অভিযোগ উঠেছে। সরেজমিন অনুসন্ধানে এসব অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ অনুসারে, বিভিন্ন সময়ে মাদ্রাসার আবাসিক শিশু ছাত্রীদের ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে। ঘটনাগুলো স্থানীয় শালিসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুরা দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর প্রভাব থাকায় তারা আইনের আশ্রয় নিতে সাহস পায়নি। কোনো কোনো ঘটনা মাত্র ৫ হাজার টাকায় আপস-মীমাংসা করে ফেলার নজিরও রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ভিকটিম শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে তারা প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে চান না। শিশুদের পরিবার থেকেও এলাকাবাসীদের ঘটনা নিয়ে চুপ থাকার অনুরোধ করা হয়েছে।
ময়মনসিংহ ও নেত্রকোণা অঞ্চলে সরকারি নিয়ন্ত্রণবহির্ভূত কওমি ও নূরানী মাদ্রাসার সংখ্যা ৩০০-এর বেশি। অধিকাংশ মাদ্রাসার ছাত্র-ছাত্রী হতদরিদ্র পরিবার থেকে আসে। স্থানীয়দের অভিযোগ, অনেক মাদ্রাসাতেই শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা সিস্টেম্যাটিকভাবে ঘটছে। এ কারণে অনেক অভিভাবক কৌশলে তাদের সন্তানদের মাদ্রাসা থেকে ছাড়িয়ে নিয়ে স্কুলে ভর্তি করছেন।
এর আগে ১১ বছরের এক শিশু ছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে আমান উল্লাহ সাগরকে গত ৫ মে রাতে র্যাব গ্রেপ্তার করে। শিশুটির মা ২৩ এপ্রিল মদন থানায় মামলা দায়ের করেন।এ ঘটনায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা, নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের ঘটনায় ভুক্তভোগী শিশু ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে।
