নিজস্ব প্রতিবেদক
কলকাতা, ৭ মে ২০২৬ — পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (PA) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
অজ্ঞাত দুষ্কৃতীরা প্রকাশ্য রাজপথে চন্দ্রনাথ রথকে কাছ থেকে গুলি করে। একাধিক গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি বাইক থেকে গুলি করা হয়েছে, যে বাইকে কোনো নম্বর প্লেট ছিল না। মধ্যমগ্রামের দোহাড়িয়ার কাছে চন্দ্রনাথের গাড়িটিকে থামানো হয় এবং গাড়ির কাচ ভেদ করে পরপর তিনটি গুলি করা হয়।
জানা গেছে, চন্দ্রনাথ চণ্ডীতলার বাসিন্দা হলেও মধ্যমগ্রামে থাকতেন। ওইদিন কাজের সূত্রে মধ্যমগ্রাম থেকে বারাসতের দিকে যাচ্ছিলেন তিনি। গত পাঁচ বছর ধরে শুভেন্দু অধিকারীর যাবতীয় কাজকর্মের দায়িত্বে ছিলেন চন্দ্রনাথ।
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে তদন্ত শুরু করেছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার পর স্বয়ং শুভেন্দু অধিকারী চন্দ্রনাথের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
তদন্ত চলমান রয়েছে।
