অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে খাদের কিনারায় স্বাস্থ্য খাত, ওষুধ সংকটে বিপর্যস্ত ক্যান্সার ও হাম চিকিৎসা

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে খাদের কিনারায় স্বাস্থ্য খাত, ওষুধ সংকটে বিপর্যস্ত ক্যান্সার ও হাম চিকিৎসা
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


দেশের থাইরয়েড ক্যান্সার রোগীদের জন্য অপরিহার্য ‘রেডিওঅ্যাকটিভ আয়োডিন থেরাপি’র পথ রুদ্ধ হয়ে ছিল টানা ছয় মাস। অন্তর্বর্তী সরকারের মেয়াদে গুরুত্বপূর্ণ এই চিকিৎসাসামগ্রী যোগান বন্ধ থাকায় হাজার হাজার রোগীর জীবন সংকটের মুখে পড়েছে

অভিযোগ উঠেছে, এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলেও প্রতিকারের বদলে জুটেছে অসহযোগিতা ও দুর্ব্যবহার।

থাইরয়েড ক্যান্সারের চিকিৎসায় অস্ত্রোপচারের পর ক্যান্সার কোষ পুরোপুরি নির্মূল করতে রেডিওঅ্যাকটিভ আয়োডিন থেরাপি একটি অপরিহার্য ধাপ। এটি গ্রহণ না করলে রোগীর শরীরে ক্যান্সারের পুনরাবৃত্তির ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

অথচ গত ছয় মাস যাবৎ এই আয়োডিন আমদানি বন্ধ থাকায় চিকিৎসা না পেয়েই ফিরে যেতে হয়েছে রোগীদের।

নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর বিশেষ সংবাদদাতা দৌলত আক্তার মালা বলেন, “আমি নিজে এই থেরাপি নিয়েছি বলে জানি সার্জারির পর এটি কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু গত ছয় মাস ধরে এই আয়োডিন আমদানি করা হয়নি। ফলে অসংখ্য ক্যান্সার রোগী সঠিক সময়ে চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।”

বিস্ময়কর বিষয় হলো, জনস্বাস্থ্যের এমন স্পর্শকাতর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তৎকালীন সচিবের কাছে জানতে চাওয়া হলে তিনি সমাধান দেওয়ার পরিবর্তে সাংবাদিকের ওপর চড়াও হন।

দৌলত আক্তার মালা জানান, বিষয়টি নিয়ে তৎকালীন সচিবকে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন এবং যথাযথ উত্তর না দিয়ে উল্টো রাগান্বিত আচরণ করেন।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, ক্যান্সার চিকিৎসায় সময়ের গুরুত্ব অপরিসীম। আমদানির ক্ষেত্রে এমন দীর্ঘসূত্রতা কেবল প্রশাসনিক ব্যর্থতাই নয়, বরং রোগীদের জীবন নিয়ে চরম উদাসীনতার শামিল। যেখানে একটি অন্তর্বর্তী সরকারের কাছ থেকে অধিকতর স্বচ্ছতা ও গতিশীলতা আশা করা হয়েছিল, সেখানে জীবনদায়ী ওষুধ আমদানিতে এমন স্থবিরতা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে।

ভুক্তভোগী ও বিশেষজ্ঞরা দাবি তুলছেন, জীবনদায়ী প্রতিটি সামগ্রী আমদানিতে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, যাতে আর কোনো রোগীকে প্রশাসনের অবহেলার বলি হতে না হয়।

Visited 12 times, 1 visit(s) today