রাজনৈতিক হয়রানির শিকারদের আইনি সহায়তা দিতে কাজ করছে লিগ্যাল টিম–৭১

রাজনৈতিক হয়রানির শিকারদের আইনি সহায়তা দিতে কাজ করছে লিগ্যাল টিম–৭১
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদন

বর্তমান প্রেক্ষাপটে চলমান রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা–হামলার শিকার নিরীহ মানুষের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দিচ্ছে লিগ্যাল টিম-৭১।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের আইনি সহায়তা দিয়ে একটি ভরসার জায়গা হয়ে উঠছে কতিপয় তরুণ আইনজীবীদের নিয়ে গঠিত এই টিমটি।

টিম-৭১ সংশ্লিষ্টরা জানান, ২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন এলাকায় বেশকিছু নিরাপরাধ মানুষ হামলা, মব সন্ত্রাসীদের দ্বারা আক্রমণ ও মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার ঘটনায় অনেকেই আইনি জটিলতায় জড়িয়ে পড়েন। এমন পরিস্থিতিতে নিপীড়নের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নেয় লিগ্যাল টিম–৭১।

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা আসলাম মিয়া বলেন, “৫ই আগস্টের পর অনেক মানুষ রাজনৈতিক কারণে নানা ধরনের আইনি জটিলতার মুখে পড়েছেন। অনেকেই মামলা, গ্রেপ্তার আতঙ্ক কিংবা হামলার শিকার হয়েছেন। আমরা চেষ্টা করছি, এসব মানুষ যেন আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন।”

তিনি বলেন, “অনেক ক্ষেত্রে দেখা যায়, রাজনৈতিক, পেশাগত বা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে মানুষ বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয়ে থাকেন কিন্তু অপ্রত্যাশিত এই হয়রানির সময় প্রয়োজনীয় আইগত পরামর্শ ও আর্থিক সীমাবদ্ধতা কারণে অনেকেই আইনের আশ্রয়লাভে ব‍্যর্থ হন; সেই সকল নিপীড়িত মানুষের আইনগত সহায়তা নিশ্চিত করতেই আমরা চেষ্টা করছি।”

আসলাম মিয়া আরও জানান, লিগ্যাল টিম –৭১ শুধু রাজনৈতিক হয়রানির শিকার ব্যক্তিদের সহায়তাই দিচ্ছে তাই নয় বরং একই সঙ্গে তারা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যেকোন আইনগত জটিলতায় আইনি সেবা প্রদান করে আসছে।

প্রতিষ্ঠানটি সিভিল, ক্রিমিনাল, কাস্টম, প্রশাসনিক, ভ্যাট-ট্যাক্স এবং ব্যবসায়িক নথিপত্র সংক্রান্ত যে কোন আইনি বিষয়ে পরামর্শ ও আইনগত সহায়তা প্রদান করে থাকে।

তিনি বলেন, “স্টার্টআপ উদ্যোক্তা, প্রতিষ্ঠিত কোম্পানি কিংবা ব্যক্তিগত প্রয়োজনে—যে কেউ আমাদের কাছ থেকে আইনি সহায়তা নিতে পারেন। আমরা দ্রুত সময়ের মধ্যে কার্যকর সমাধান দেওয়ার চেষ্টা করি।”

তবে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে আইনগত সহায়তাও তাদের মাধ‍্যমে প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।

আসলাম মিয়া বলেন, “আমাদের বিশ্বাস, ন্যায়বিচার শুধু সামর্থ্যবান মানুষের জন্য সীমাবদ্ধ থাকা উচিত নয়; যারা আর্থিক সমস্যার কারণে আইনি সহায়তা নিতে পারেন না, তাদের ক্ষেত্রেও আমরা সমানভাবে সহায়তা দেওয়ার চেষ্টা করি।”

লিগ্যাল টিম –৭১ জানায়, ভবিষ্যতে নাগরিকদের আইনি সচেতনতা বাড়ানো এবং উদ্যোক্তাদের জন্য কর ও ব্যবসায়িক আইন বিষয়ক পরামর্শমূলক কার্যক্রমও পরিচালনার পরিকল্পনা তাদের রয়েছে।

Visited 46 times, 1 visit(s) today