গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি ক্লোজড

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি ক্লোজড
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের পাঁচদিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ক্লোজড করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

১৬ই সেপ্টেম্বর, বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে দাউদ হোসেনকে ক্লোজড করার কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, ১৬ই সেপ্টেম্বর পূর্বাহ্নে তাকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে আদেশটি জারির দিন থেকেই কার্যকর করার কথা বলা হয়েছে।

এর আগে গত ১১ই সেপ্টেম্বর, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন।

মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা ককটেল নিক্ষেপ করেন বলে দাবি করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পাঁচটি ককটেলও উদ্ধারের দাবি করে পুলিশ।

ওই ঘটনার পর গুলশানের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Visited 8 times, 1 visit(s) today