❐ স্থানীয় সংবাদদাতা
সিরাজগঞ্জ সদর উপজেলায় অনুমোদনহীন ও ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে জামায়াতে ইসলামীর আমিরের মালিকানাধীন কারখানায় অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে প্রশাসনের টাস্কফোর্স। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ ৯ই মার্চ, সোমবার দুপুরে সদর উপজেলার শাহানগাছা এলাকায় দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধ উৎপাদনের নামে পরিচালিত একটি কারখানায় এ অভিযান চালানো হয়।
কারখানাটির মালিক নজরুল ইসলাম। তিনি সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় জামায়াতের ইউনিয়ন আমির।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন জানান, কারখানাটি দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধ তৈরির লাইসেন্সে পরিচালিত হলেও সেখানে হারপিক ও মশার কয়েল উৎপাদন করা হচ্ছিল।
অথচ এসব পণ্যের প্রস্তুতকারকের জায়গায় নজরুল ইসলামের কোম্পানির নাম ব্যবহার করা হয়েছে।
তিনি আরও জানান, ‘নিমের মাজন’ নামে বাজারজাত করা পণ্যে নিমের কোনো ছিটেফোঁটাও নেই। অননুমোদিত উপাদান ব্যবহার করে তিনি এসব পণ্য উৎপাদন করছিলেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই গরু ও হাঁস-মুরগির ওষুধ উৎপাদন করা হচ্ছিল বলে জানান ম্যাজিস্ট্রেট।
এ ছাড়া উৎপাদিত পণ্যগুলোর গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না, যা ভোক্তা অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
এসব অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত কারখানার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাবের প্রতিনিধি এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
