বাংলাদেশের ভেতরে মিয়ানমারের সন্ত্রাসীদের স্থাপিত মাইনে আহত যুবকের অবস্থা শঙ্কাজনক

বাংলাদেশের ভেতরে মিয়ানমারের সন্ত্রাসীদের স্থাপিত মাইনে আহত যুবকের অবস্থা শঙ্কাজনক
শেয়ার করুন

❐ নিজস্ব সংবাদদাতা


কক্সবাজারের উখিয়ায় নিজ সীমানার অভ্যন্তরে মিয়ানমারের সন্ত্রাসীদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে গুরুতর আহত যুবক মো. শাকেরকে (২৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুসারে চিকিৎসকরা জানিয়েছেন, শাকেরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে উখিয়া থেকে গুরুতর আহতাবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হয়। পরে হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

আহত শাকের কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, উখিয়ায় মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় কাজ করার সময় হঠাৎ মাইন বিস্ফোরণে শাকের গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

চমেকে দায়িত্বরত চিকিৎসকরা জানান, মাইন বিস্ফোরণে শাকেরের দুই চোখ ও মুখমণ্ডল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দুই হাতও পুড়ে গেছে। বিস্ফোরণে তার শ্বাসনালিসহ শরীরের প্রায় ১৫ শতাংশ অংশ দগ্ধ হয়েছে। পরিস্থিতি অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, শাকেরের শ্বাসনালিসহ প্রায় ১৫ শতাংশ দগ্ধ। তার অবস্থা ভালো নয়। চিকিৎসা চলছে। কতটা রিকভার করা সম্ভব, এ মুহূর্তে বলা সম্ভব নয়।

Visited 15 times, 1 visit(s) today