বাংলাদেশ সিরিজ তরুণদের সামর্থ্য প্রমাণের সুযোগ: পাকিস্তানের কোচ

বাংলাদেশ সিরিজ তরুণদের সামর্থ্য প্রমাণের সুযোগ: পাকিস্তানের কোচ
শেয়ার করুন

আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে তরুণ খেলোয়াড়দের সামর্থ্য দেখানোর বড় সুযোগ দেখছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। সোমবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

১১ থেকে ১৫ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া এই সিরিজের জন্য পাকিস্তান দলে ছয়জন নতুন মুখ নেওয়া হয়েছে। তারা হলেন— আব্দুল সামাদ, মাআজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘরি, সাদ মাসুদ, সাহেবজাদা ফারহান ও শামায়েল হোসেন। তবে এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক বাবর আজম, অলরাউন্ডার সাইম আইয়ুব ও ফখর জামানকে।

কাউকে দল থেকে বাদ দেওয়া হয়নি জানিয়ে হেসন বলেন, ‘বড় কোনো টুর্নামেন্টের বাইরে এটি তরুণ প্রতিভাদের পরখ করে নেওয়ার একটি বিরল সুযোগ। এই খেলোয়াড়দের অনেকেই ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে সুযোগের অপেক্ষায় ছিলেন।’

উদাহরণ হিসেবে তিনি সাহেবজাদা ফারহান ও শামায়েল হোসেনের ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের কথা উল্লেখ করেন। হেসনের মতে, নতুনদের জন্য মূল চ্যালেঞ্জ হবে মিরপুরের উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের কন্ডিশনে মোস্তাফিজুর রহমানদের চ্যালেঞ্জ জানাতে পারে এমন একটি দল প্রস্তুত রাখা।’

পাকিস্তান বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছে। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সিরিজ জয়ের ধারা নতুন খেলোয়াড়রা বজায় রাখবেন বলে আশা প্রকাশ করেন কোচ। তবে ঘরের মাঠে বাংলাদেশকে নিয়ে সতর্ক হেসন বলেন, ‘বাংলাদেশকে আমরা যথেষ্ট সম্মান করি। তাদের মাটিতে লড়াই করা সহজ নয়। তবে এবারের উইকেট আগের চেয়ে ভালো এবং ঘাস আছে বলে মনে হচ্ছে, যা ব্যাটার ও বোলার উভয়ের জন্যই সহায়ক হবে।’

উল্লেখ্য, গত বছর এই ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজে হারের পর হেসন উইকেট নিয়ে সমালোচনা করেছিলেন। তবে এবার বিপিএলের অভিজ্ঞতার রেশ ধরে তিনি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আশা করছেন।

Visited 20 times, 1 visit(s) today