রমজানে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম, বাজারে অস্থিরতা

রমজানে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম, বাজারে অস্থিরতা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রমজান মাস শুরু হলেই দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির প্রবণতা দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গত এক সপ্তাহ ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়ার অভিযোগ উঠেছে, যা ভোক্তা ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়াকে কেন্দ্র করে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং সামনে তেলের দাম বাড়তে পারে—এমন আশঙ্কাও করছেন অনেকেই। তবে আমদানিকারকদের দাবি, বাজারে কোনো সংকট নেই এবং আগের মতোই সরবরাহ অব্যাহত রয়েছে।

দেশে ভোজ্যতেলের মোট চাহিদার প্রায় ৯০ শতাংশই আমদানিনির্ভর। বছরে প্রায় ৩০ লাখ টন ভোজ্যতেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন পাম তেল এবং প্রায় ১০ লাখ টন সয়াবিন তেল। স্বাভাবিক সময়ে সয়াবিন তেলের মাসিক চাহিদা প্রায় দেড় লাখ থেকে এক লাখ ৬০ হাজার টনের মধ্যে।

বর্তমানে পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল পাইকারি বাজারে প্রায় ৯৩০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে একই বোতল ৯৪০ থেকে ৯৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। রমজানের শুরুতে বিভিন্ন কোম্পানির পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ছিল ৯১৫ থেকে ৯২০ টাকার মধ্যে। গত এক সপ্তাহে বোতলজাত তেলের দাম ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি খোলা তেলের দামও লিটারে প্রায় পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে।

রাজধানীর কারওয়ান বাজার ও মিরপুর–১১ বড় বাজার ঘুরে দেখা গেছে, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ তুলনামূলকভাবে কম। অনেক খুচরা বিক্রেতা জানিয়েছেন, পাইকারি বিক্রেতাদের কাছ থেকে চাহিদা অনুযায়ী তেলের বোতল পাওয়া যাচ্ছে না।

মিরপুর–১১ বড় বাজারের সুমন স্টোরের মালিক সুমন মিয়া বলেন, দেশে কয়েক মাসের চাহিদা মেটানোর মতো সয়াবিন তেল মজুত থাকে। তবুও বিভিন্ন সময় অজুহাত দেখিয়ে সরবরাহ কমিয়ে দাম বাড়ানোর চেষ্টা করা হয়।

কারওয়ান বাজারের আরিফা স্টোরের স্বত্বাধিকারী মুনসর ইসলাম বলেন, বিদেশ থেকে ভোজ্যতেল আমদানি করতে এলসি খোলার পর দেশে পৌঁছাতে অন্তত দুই মাস সময় লাগে। তাই সাম্প্রতিক কোনো আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে সরবরাহ কমে যাওয়ার যুক্তি বাস্তবসম্মত নয়।

নাম প্রকাশ না করার শর্তে এক ডিলার জানান, রমজানে তেলের দাম খুব বেশি না বাড়ায় ঈদকে সামনে রেখে বাজারে দাম বাড়ানোর কৌশল হিসেবে কিছু ব্যবসায়ী সরবরাহ কমিয়ে দিচ্ছেন।

এদিকে কারওয়ান বাজারের সোনালী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কাসেম বলেন, পাইকারি বাজারে কিছু ব্র্যান্ডের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। বিশেষ করে তীর ও রূপচাঁদা ব্র্যান্ডের সরবরাহ তুলনামূলকভাবে কম। তীর ক্যানোলা তেলের পাঁচ লিটার বোতল ইতিমধ্যে এক হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে আমদানিকারক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এজিএম তাসলিম শাহরিয়ার বলেন, আগের মতোই বাজারে তেল সরবরাহ করা হচ্ছে। এমনকি গত মাসের তুলনায় প্রতিদিন বেশি পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

ভোক্তাদের মতে, এবার রমজানের শুরুতে পণ্যের দাম তুলনামূলক স্থিতিশীল ছিল। তবে হঠাৎ করে বোতলজাত তেলের সরবরাহ কমে যাওয়ার অভিযোগ বাজারে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই বাজার স্থিতিশীল রাখতে সরকারের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

Visited 13 times, 1 visit(s) today