খুলনায় শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা

খুলনায় শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


খুলনা নগরীতে মাসুম বিল্লাহ নামে এক শ্রমিক দল নেতাকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে ডাকবাংলো মোড়ের বাটা শো-রুমের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তলসহ অশোক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত মাসুম বিল্লাহ খুলনার রূপসা উপজেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি রূপসা উপজেলার বাগমারা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা।

এছাড়া, তিনি পূর্বে বন্দুকযুদ্ধে নিহত নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা ওরফে মিনা কামালের ছোট ভাই।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, রাতের দিকে মাসুম বিল্লাহ তার মা ও মেয়েকে নিয়ে ডাকবাংলো মোড়ে ঈদের কেনাকাটা করছিলেন। এ সময় সাতজন সশস্ত্র সন্ত্রাসী শো-রুমে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।

স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, হামলার পর পালানোর সময় অশোক নামে এক ব্যক্তিকে নাইন এমএম পিস্তলসহ আটক করা হয়। তিনি খুলনার একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার সঙ্গে জড়িত অন্যদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

উপ-কমিশনার তাজুল ইসলাম বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Visited 3 times, 1 visit(s) today