‘চাঁদা ও চাঁদাবাজি এক নয়’, দাবি সড়ক-সেতুমন্ত্রী শেখ রবিউলের

‘চাঁদা ও চাঁদাবাজি এক নয়’, দাবি সড়ক-সেতুমন্ত্রী শেখ রবিউলের
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


সমঝোতার নাম দিয়ে চাঁদাবাজিকে প্রকারন্তরে বৈধতা দিতে গিয়ে সমালোচনার মুখে পড়া নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি এবার চাঁদা ও চাঁদাবাজি ভিন্ন জিনিস বলে দাবি করলেন।

তিনি বলেছেন, জোরপূর্বক অর্থ আদায়ই প্রকৃত চাঁদাবাজি, আর এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের কোনো সুযোগ আর রাখা হবে না।

এটি সরকারের অঙ্গীকার বলেও জানান তিনি।

আজ ২৬শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘চাঁদা’ ও ‘চাঁদাবাজি’ এক বিষয় নয়।

তার ভাষ্য অনুযায়ী, অনেক ক্ষেত্রে পরিবহন খাতে মালিক ও শ্রমিকরা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কল্যাণ তহবিলের জন্য অর্থ সংগ্রহ করেন। নির্ধারিত প্রক্রিয়ায় সংগৃহীত এ অর্থ সংশ্লিষ্টদের কল্যাণেই ব্যয় হয়।

এ ধরনের সমঝোতাভিত্তিক অর্থসংগ্রহকে চাঁদাবাজি বলা সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

তবে কোনো অবৈধ গোষ্ঠী যদি জোরপূর্বক অর্থ আদায়ের চেষ্টা করে, সেটি কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

ঈদযাত্রা প্রসঙ্গে শেখ রবিউল আলম রবি জানান, নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এবারের ঈদে নৌপথে যাত্রা হবে নিরাপদ ও নির্বিঘ্ন।

তার ভাষায়, “নৌপথে ঈদযাত্রা সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Visited 20 times, 1 visit(s) today