সিরাজগঞ্জে ভোট ক্রয়ের সময় টাকাসহ আটক জামায়াতের আমিরসহ নেতাকর্মীদের ছেড়ে দিল প্রশাসন!

সিরাজগঞ্জে ভোট ক্রয়ের সময় টাকাসহ আটক জামায়াতের আমিরসহ নেতাকর্মীদের ছেড়ে দিল প্রশাসন!
শেয়ার করুন
❐ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় ৭১ হাজার টাকাসহ জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীকে আটক করার পর অভিযুক্তদের ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় পর্যায়ে। এ নিয়ে নিন্দা জানিয়েছে বিএনপিসহ নির্বাচনে অংশগ্রহণকারী কয়েকটি দলের নেতারা।

তবে প্রশাসনের বক্তব্য, এ ঘটনায় জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের ভাষ্য, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।

আজ ১১ই ফেব্রুয়ারি, বুধবার দুপুরে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- রায়দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মমিন এবং একই ইউনিয়নের যুব বিভাগের সভাপতি ইমদাদুল হক। বাকি দুজনও জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

এ ঘটনাসংক্রান্ত ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ভোট কেনার উদ্দেশ্যে টাকা বহনের অভিযোগ তুলে বিএনপির নেতাকর্মীরা একটি সিএনজি থেকে কয়েকজনকে নামিয়ে তাদের কাছ থেকে ৭১ হাজার টাকা ও একটি ব্যাগ উদ্ধার করেন।

এ সময় ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, সিএনজিযোগে চলাচলের সময় জামায়াতের চার সমর্থককে বিএনপির নেতাকর্মীরা আটক করেন। বিএনপির দাবি, ভোটারদের প্রভাবিত করার জন্য সংগ্রহ করা ৭১ হাজার টাকা তারা উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া ব্যাগে জামায়াতে ইসলামীর নামসংবলিত টি-শার্ট ও একাধিক ব্যাজ ছিল।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দাবি করেন, তাদের কাছ থেকে মোট ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে, যা তারা পোলিং এজেন্টদের খরচ দেওয়ার জন্য বহন করছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, টাকার পরিমাণে অসঙ্গতি এবং উভয় পক্ষের বক্তব্য সন্দেহজনক হওয়ায় বিষয়টি জুডিশিয়াল কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া হয়েছে।

Visited 6 times, 1 visit(s) today