একাত্তরের সঙ্গে যারা চব্বিশের তুলনা করে তারা রাজাকার: তারেক রহমান

একাত্তরের সঙ্গে যারা চব্বিশের তুলনা করে তারা রাজাকার: তারেক রহমান
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

আমজনতার দলের সদস্যসচিব ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. তারেক রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে ‘২৪’এর কোনো ঘটনার তুলনা না করার আহ্বান জানিয়ে কঠোর ভাষায় মন্তব্য করেছেন। তিনি তুলনাকারীদের উদ্দেশ্যে বলেন, যারা ২৪-এর সঙ্গে ৭১-এর তুলনা করে তারা দেশবিরোধী এবং রাজাকার।

গতকাল ৬ই ফেব্রুয়ারি, শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা নির্বাচনী জনসংযোগের একটি ভিডিওতে তিনি এসব মন্তব্য করেন।

ভিডিওটিতে দেখা যায়, জনসংযোগকালে স্থানীয় দোকানি ও পথচারীদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে এ বিষয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। তিনি একাত্তরকে বাংলাদেশের পরিচয় ও অস্তিত্ব বলে মনে করেন।

এ সময় মো. তারেক রহমান বলেন, ‘২৪ দিয়ে ৭১ যায়নি, এত সহজ না। যারা এমন কথা বলে তারা রাজাকারদের ভাষায় কথা বলে।’

তিনি আরও বলেন, ‘ব্যানার ধরা আর অস্ত্র ধরা এক জিনিস না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল অস্ত্রধারী এক মহান সংগ্রাম। সেটার সঙ্গে অন্য কোনো ঘটনার তুলনা করা ঠিক না।’

তিনি বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটি নিয়ে কোনো ধরনের তুলনা বা বিতর্ক তৈরি করা উচিত নয়। তার মতে, মুক্তিযুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগকে খাটো করার যেকোনো চেষ্টা দেশের স্বার্থের বিরুদ্ধে যায়।

ভিডিওতে তিনি আরও বলেন, ‘৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা করবেন না। যে তুলনা করবে সে রাজাকার। আর যে ২৪-এর সঙ্গে ৭১-এর তুলনা করবে, সে দেশবিরোধী।’

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাকে স্বাগত জানিয়েছেন। তবে স্বাধীনতাবিরোধীরা নানাভাবে নোংরা ভাষায় তার সমালোচনা করছে।

Visited 6 times, 1 visit(s) today