নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর বেলাবো উপজেলায় নিখোঁজের তিনদিন পর আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামে এক সাবেক ছাত্রলীগ নেতা এবং পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৯শে জানুয়ারি, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার নাগের বাজার এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আজিমুল কাদের ভূঁইয়া বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের (বাঘবের) গ্রামের বাসিন্দা। তিনি মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাবো উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং স্থানীয়ভাবে একজন পোল্ট্রি ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
একসময় তিনি বাজনাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য আওয়ামী লীগ থেকে প্রার্থী হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজিমুল কাদের গত ২৬শে জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বেলাবো থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। নিখোঁজের খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুজি চালায়।
অবশেষে বৃহস্পতিবার রাতে নাগের বাজার এলাকার একটি ডোবায় বস্তাবন্দি অবস্থায় তার নিথর দেহ পাওয়া যায়।
জানা যায়, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল কাদের তার পোল্ট্রি খামারে দুজন শ্রমিক নিয়োগ দেন। তাদের একজনের নাম রুবেল হলেও অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। নিখোঁজের পর থেকে ওই দুই শ্রমিককেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি খামারের সব মুরগিও উধাও হয়ে গেছে। এতে ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।
বেলাবো থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও প্রকৃতি নিশ্চিত হবে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড হতে পারে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
পরিবারের সদস্যরা এখনও কোনো অভিযোগ দায়ের করেননি, তবে ময়নাতদন্তের পর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।
স্থানীয়রা এ ঘটনায় শোকাহত। আজিমুল কাদের ভূঁইয়া এলাকায় পরিচিত মুখ ছিলেন এবং তার অকাল মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।

