চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার বৈধতা ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার বৈধতা ঘোষণা হাইকোর্টের
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি–সংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

গত ৪ঠা ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি শেষে বিভক্ত রায় হয়। পরে বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠান।

আজ ২৯শে জানুয়ারি, বৃহস্পতিবার সেই একক বেঞ্চ রুল ডিসচার্জ করে রিট আবেদন খারিজের আদেশ দেন।

রিট আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন মো. হেলাল উদ্দিন চৌধুরী। আর বার্থ অপারেটর এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সেলিমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার লক্ষ্যে ২০১৯ সালের ১৭ই ফেব্রুয়ারি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কাঠামোর অধীনে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়।

এই প্রক্রিয়ার বৈধতা নিয়ে আপত্তি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি কার্যক্রম স্থগিত চেয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন গত বছর রিট দায়ের করেন।

প্রাথমিক শুনানি শেষে গত বছরের ৩০শে জুলাই হাইকোর্ট রুল জারি করেন। পরে ওই রুলের চূড়ান্ত শুনানিতে ৪ঠা ডিসেম্বর বিভক্ত রায় আসে।

সে সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল যথাযথ ঘোষণা করলেও অপর বিচারপতি রিট খারিজের পক্ষে মত দেন। ভিন্নমতের কারণে বিষয়টি একক বেঞ্চে পাঠানো হয় এবং সেখানেই চূড়ান্তভাবে রিট খারিজ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে নির্মিত নিউমুরিং কন্টেইনার টার্মিনালটি বর্তমানে নৌবাহিনীর মালিকানাধীন প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড পরিচালনা করছে।

Visited 14 times, 1 visit(s) today