যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা কি দেশকে নিরাপদ রাখতে পারবে? প্রশ্ন ফখরুলের

যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা কি দেশকে নিরাপদ রাখতে পারবে? প্রশ্ন ফখরুলের
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেনি শুধু, ঐতিহাসিক তথ্য অনুযায়ী ১৯৪৭ সালেও তারা পাকিস্তান রাষ্ট্র গঠনের বিপক্ষে অবস্থান নিয়েছিল।

বিএনপি মহাসচিবের ভাষ্য, এতেই বোঝা যায় দলটি পাকিস্তান কিংবা বাংলাদেশ—কোনোটিকেই সমর্থন করেনি।

আজ ২৯শে জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়েয়া বাজারে এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অনেকেই এ ইতিহাস সম্পর্কে অবগত নন, অথচ বিভিন্ন গ্রন্থ ও নথিতে এর প্রমাণ রয়েছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, যে দল বাংলাদেশ রাষ্ট্রের ধারণাকেই মেনে নেয়নি, বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা কি দেশের নিরাপত্তা রক্ষা করতে পারবে? তারা ক্ষমতায় এলে জনগণ কতটা নিরাপদ থাকবে?

তিনি আরও বলেন, অতীতে যারা বাংলাদেশের বিরোধিতা করেছে এবং এখনো সে ভূমিকার জন্য দুঃখ প্রকাশ বা ক্ষমা চায়নি, তাদের সমর্থন করা ঠিক নয়। দেশের ক্ষতিসাধনকারীদের ভোট না দেওয়ার আহ্বানও জানান তিনি।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, কোনো অঞ্চলের অগ্রগতি নির্ভর করে সেখানকার নেতৃত্বের মানের ওপর। যোগ্য, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে উঠলে উন্নয়ন স্বাভাবিকভাবেই আসে।

Visited 2 times, 1 visit(s) today