জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্র উদ্ধারের পর আটক ৩ জনের মুক্তি: দলের দাবি- আত্মরক্ষামূলক সরঞ্জাম

জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্র উদ্ধারের পর আটক ৩ জনের মুক্তি: দলের দাবি- আত্মরক্ষামূলক সরঞ্জাম
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির তাজ উদ্দিন খানের ব্যবহৃত গাড়ি থেকে ধারালো চাইনিজ কুড়াল এবং দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৩ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ ২৬শে জানুয়ারি, সোমবার বেলা ১১টার দিকে শহরের হোটেল বাজার মোড়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মাইক্রোবাস চালক মোনাখালী গ্রামের সোহেল রানার ছেলে সাবেক শিবির কর্মী ইজারুল হক, জামায়াত কর্মী কামদেবপুর গ্রামের সাবদার আলীর ছেলে সাহারুল ইসলাম (জামায়াত আমির তাজ উদ্দিনের ফেসবুক পেজের অ্যাডমিন) এবং খোকসা গ্রামের রবিউল ইসলামের ছেলে শিবির নেতা সেলিম রেজা।

প্রাথমিক যাচাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিএম রানা জানান, যৌথ বাহিনীর চেক পোস্টে নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে সব গাড়ি চেক করা হচ্ছিল। এ সময় সাদা রঙের নোয়া (ঢাকা মেট্রো চ ১৯-৪১৪৬) চেক করা হলে গাড়ির ভিতর ৩টা ফোল্ডেবল স্টিক, একটি বিদেশি কুড়াল, একটি ইলেট্রিক টিজার, একটি মাল্টি টুলস কিট, একটি প্লায়ার্স, ৩টি ওয়াকিটকি, ৪টি চার্জার ও একটা মেগাফোন উদ্ধার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রের উপস্থিতিতে আটক অস্ত্রশস্ত্র ও মাইক্রোবাস জব্দ করা হয় বলে জানান বিএম রানা।

এদিকে সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে জেলা জামায়াত।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন দাবি করেন, আমিরের গাড়িচালক পথিমধ্যে এক সাংবাদিক ও আরেক ব্যক্তিকে গাড়িতে তুলে সমাবেশে যাচ্ছিলেন। এ সময় সেনাবাহিনী তাদের আটক করে।

গাড়িতে থাকা সরঞ্জামগুলো আত্মরক্ষামূলক বলে দাবি করে তিনি বলেন, সেগুলো অস্ত্র হিসেবে বিবেচিত না হওয়ায় পুলিশ তাদের ও গাড়ি ছেড়ে দেয়। কিছু গণমাধ্যম ঘটনাটি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছে বলেও অভিযোগ করেন তিনি।

Visited 27 times, 1 visit(s) today