বাংলাদেশের একাত্তরের বন্ধু- ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ পাওয়া প্রবীণ সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই

বাংলাদেশের একাত্তরের বন্ধু- ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ পাওয়া প্রবীণ সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই
শেয়ার করুন

❐ বিডি ডাইজেস্ট ডেস্ক

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই।

আজ ২৫শে জানুয়ারি, রোববার ভারতের নয়াদিল্লিতে ৯০ বছর বয়সে তিনি মারা গেছেন। বিবিসি হিন্দির এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

কলকাতায় জন্ম নেওয়া মার্ক টালি ১৯৬৪ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে যোগ দেন। পরের বছরই তিনি ভারতের দিল্লিতে দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে দীর্ঘ সময় ধরে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরির মাধ্যমে তিনি নিজেকে একজন প্রভাবশালী আন্তর্জাতিক সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করেন।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে এপ্রিলের শেষ সপ্তাহে মার্ক টালি তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রবেশ করেন। সেটিই ছিল পাকিস্তানি সরকারের পক্ষ থেকে প্রথম এবং শেষবারের মতো বিদেশি দুই সাংবাদিককে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়ার ঘটনা।

সে সময়ের স্মৃতিচারণে মার্ক টালি জানান, ঢাকা থেকে তিনি সড়কপথে রাজশাহী পর্যন্ত ভ্রমণ করেছিলেন।

তিনি বলেন, ‘পাকিস্তানি সেনাবাহিনী সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে—এমন ধারণা তৈরি হওয়ার পরই আমাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। আমার সঙ্গে ছিলেন ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার যুদ্ধবিষয়ক সংবাদদাতা ক্লেয়ার হলিংওয়ার্থ।’

তিনি আরও বলেন, ‘আমরা স্বাধীনভাবে চলাফেরা করে পরিস্থিতি প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছিলাম বলেই আমাদের প্রতিবেদনগুলোর গুরুত্ব ছিল আলাদা। তখনই আমরা বুঝতে পারি, দেশে ব্যাপক হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে আমি সড়কের দুপাশে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার চিহ্ন দেখেছি।’

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে সাহসী সাংবাদিকতার মাধ্যমে বিশেষ অবদান রাখায় ২০১২ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে। বিবিসি থেকে অবসর নেওয়ার পরও তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে সক্রিয় ছিলেন।

Visited 29 times, 1 visit(s) today