তারেক রহমানের সমাবেশ থেকে শত শত মোবাইল, ১৮টি মাইক ও ৫ বান্ডিল বৈদ্যুতিক তার চুরি

তারেক রহমানের সমাবেশ থেকে শত শত মোবাইল, ১৮টি মাইক ও ৫ বান্ডিল বৈদ্যুতিক তার চুরি
শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা

কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেওয়া হলেও চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাস্থলের আশপাশ থেকে কয়েক শ মোবাইল ফোন, ১৮টি মাইক এবং পাঁচ বান্ডিল বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে।

মাইক এবং তার চুরির ঘটনায় আজ ২৫শে জানুয়ারি, রোববার সকালে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, সাউন্ড ও মাইক সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক। তিনি ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের মালিক।

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের সভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে ছিল পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থা। সভাস্থল ও আশপাশে ড্রোন ওড়ানোসহ অস্ত্র ও ঝুঁকিপূর্ণ বস্তু বহন নিষিদ্ধ করে সিএমপি। পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র, পাথরসহ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে-এমন বস্তু বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়।

কিন্তু এত নিরাপত্তার মধ্যেও চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

সমাবেশে আগতদের মতে, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভিড়ে কদমতলী, বটতলী রেলওয়ে স্টেশন, নিউমার্কেটসহ আশপাশের এলাকার চোর-ছিনতাইকারী, পকেটমাররাও এসে জুটেছে। শত শত মোবাইল ফোন চুরির পেছনে দায়ী তারা।

২ দশক বছর পর চট্টগ্রামের কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিয়েছেন দীর্ঘদিন বিদেশে ‘পলাতক’ থাকা বিএনপি নেতা তারেক রহমান।

২৫শে জানুয়ারি, রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি সমাবেশে এসে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি মঞ্চে ওঠেন।

এর আগে গতকাল রাত ৮টায় চট্টগ্রামে আসেন তারেক রহমান। তার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মত। নগরীর অনেক রাস্তায় শনিবার রাত থেকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়েন সাধারণ ঘরফেরত চাকরিজীবীরা।

সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক বলেন, ‘সমাবেশে আমরা প্রায় ২০০ মাইক লাগিয়েছি। গতরাত ১০টা থেকে ১১টার মধ্যে একবার লাইন চেক করে আমরা চলে যাই। মাইকের নিরাপত্তায় রাস্তায় আমার দুজন লোক টহলে ছিলেন।’

তিনি বলেন, প্রোগ্রাম শেষ হওয়ার আগে আগে পুনরায় মাইক চেক দেওয়ার সময় ১৮টি মাইকের ইউনিট ও ৫ বান্ডিল তার চুরির বিষয়টি সামনে আসে। পরে বিষয়টি বিএনপি নেতাদের জানালে, তারা থানায় অভিযোগ করতে বলেন। আমি থানায় অভিযোগ দিয়েছি।’

তিনি আরও বলেন, খোয়া যাওয়া মাইকগুলো সমাবেশস্থলের গেটের বাইরে সড়কের ইলেকট্রিক পোলের সঙ্গে ১৫-১৬ ফুট উঁচুতে লাগানো ছিল।

চুরির বিষয়টি জানতে সিএমপির দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার হোসাইন কবির ভূঁইয়াকে ফোন দেওয়া হলে তিনি ফোন ধরেননি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘আমি তারেক সাহেবের প্রটোকলে আছি। মাইক চুরির কথা জানি না।’

Visited 18 times, 1 visit(s) today