নিজস্ব সংবাদদাতা
অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আরও ৩৬ জন বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
আজ ২০শে জানুয়ারি, মঙ্গলবার দুপুর ১২টার দিকে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক বিমানে এক নারীসহ ৩৬ জন বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
উন্নত জীবনের আশায় তারা পরিবার-পরিজনের জমি ও গয়না বিক্রি করে কিংবা ঋণ নিয়ে জনপ্রতি ৪০ থেকে ৪৫ লাখ টাকা, কেউ কেউ ৬০ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত ব্যয় করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। তবে সেই স্বপ্ন পূরণ না হয়ে তারা শূন্য হাতে দেশে ফিরতে বাধ্য হন।
রজার খলিলের ওয়াশিংটন সফরের মাঝেই ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
ব্র্যাকের মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, দুপুরে বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ডেস্ক ও এভিয়েশন সিকিউরিটির সহযোগিতায় ব্র্যাকের পক্ষ থেকে ফেরত আসা কর্মীদের পরিবহণসহ প্রয়োজনীয় জরুরি সহায়তা দেওয়া হয়।
ফেরত আসা ৩৬ জনের মধ্যে নোয়াখালী জেলার বাসিন্দা ২১ জন, লক্ষ্মীপুরের ২ জন এবং মুন্সীগঞ্জ, ঢাকা, লালমনিরহাট, শরীয়তপুর, বরগুনা, ফেনী, সিরাজগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, চট্টগ্রাম ও নেত্রকোণা জেলার একজন করে রয়েছেন।
২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ২৯৩ জনে।
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় নতুন নিয়ম: বাংলাদেশিদের জামানত দিতে হবে সর্বোচ্চ ১৮ লাখ টাকা!
ফেরত আসা কর্মীরা জানান, তাদের মধ্যে অধিকাংশই প্রথমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।
যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য আবেদন করলেও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আবেদন নাকচ হওয়ায় মার্কিন প্রশাসন তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।
