ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপক্ষীয় বৈঠকের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘এই সফরে ইউএনের অধিবেশনে যুক্ত হওয়ার জন্যই প্রধানমন্ত্রী এসেছেন।’

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান। সফরে প্রধানমন্ত্রী ডজনের বেশি দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও সৌজন্য সাক্ষাৎ করবেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

পরে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সময় রাত ৮টার দিকে তিনি হোটেলে পৌঁছান।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে আসার খবরে বিমানবন্দর ও হোটেলের সামনে প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ বিভিন্ন স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে বাংলাদেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠক ও সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Visited 15 times, 1 visit(s) today