পটুয়াখালীতে নৌকার ভোট টানতে জামায়াত জোটের প্রার্থী লীগের উপজেলা চেয়ারম্যান!

পটুয়াখালীতে নৌকার ভোট টানতে জামায়াত জোটের প্রার্থী লীগের উপজেলা চেয়ারম্যান!
শেয়ার করুন

স্থানীয় সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে জিততে জামায়াত জোটের প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান।

আওয়ামী লীগের সরকার পতনের পরে রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডা. জহির উদ্দিন আহম্মেদ দল পরিবর্তন করে উগ্রবাদী দল খেলাফত মজলিসে যোগ দেন।

এখন কৌশলগত সমন্বয়ের অংশ হিসেবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোট এই আসনে প্রার্থী পরিবর্তন করে আওয়ামী লীগের এ নেতাকে মনোনয়ন দেয়া হচ্ছে। জোটের অন্যতম শরিক খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মোস্তাফিজকে এ আসনে জোটের প্রার্থী করার কথা ছিল। তবে জোটের ভাঙন ও স্থানীয় ভোটের সমীকরণ বিবেচনায় জহির উদ্দিন আহম্মেদের জনপ্রিয়তা এবং আওয়ামী লীগপন্থী ভোটের সম্ভাবনা মাথায় রেখে তাকে চূড়ান্ত প্রার্থী করা হয়।

জহির উদ্দিন আহম্মেদ বলেন, “জোটের প্রার্থী হিসেবে আমাকে চূড়ান্ত করা হয়েছে। জোটের অন্য প্রার্থীরা আগামীকাল তাদের প্রার্থিতা প্রত্যাহার করবেন।”

জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসান বলেন, “১০ দলীয় জোটের মনোনয়ন অনুযায়ী খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিন আহম্মেদকে চূড়ান্ত করা হয়েছে। আজ না হলে কাল আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব।”

আসন্ন নির্বাচনে জোটের প্রার্থী পরিবর্তনকে ঘিরে এলাকায় নতুন আলোচনা শুরু হয়েছে। জোটভুক্ত বিভিন্ন দলের স্থানীয় নেতা-কর্মীরাও নতুন প্রার্থীকে নিয়ে মাঠে সক্রিয় হচ্ছেন।

Visited 21 times, 1 visit(s) today