দূতাবাসে ভাইয়ের চাকরির পর এবার ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে হাদির পরিবার, বরাদ্দ ১ কোটি টাকা

দূতাবাসে ভাইয়ের চাকরির পর এবার ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে হাদির পরিবার, বরাদ্দ ১ কোটি টাকা
শেয়ার করুন

আবারও কোটা বিতর্ক

নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দিতে এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দিচ্ছে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার। আর এজন্য রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার এ অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিতের জন্য নথিপত্র জমাদানের জন্য বলা হয়েছে।

ইতিমধ্যে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। এ খবর ছড়িয়ে পড়তেই অন্তর্জালে সৃষ্টি হয় তুমুল সমালোচনা। প্রশ্ন ওঠে- যে কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিল শিক্ষার্থীরা, সেই আন্দোলনের ফসল ঘরে তুলে ক্ষমতার পালা বদল ঘটানোর পরেও কেন কোটা প্রথা বিলুপ্ত হয়নি? প্রশ্ন তুলেছেন খোদ আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীরাই।

ওসমান হাদির ভাইকে কোন যোগ্যতাবলে নিয়োগ দেওয়া হয়েছে- এমন প্রশ্ন করেন সাধারণ নেটিজেনরাও।

এবার আবার কোটি টাকার ফ্ল্যাট বরাদ্দের খবরেও প্রশ্ন উঠেছে, চলছে তুমুল সমালোচনা।

হাদির বড় ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ, কোটা নাকি মেধা- প্রশ্ন উঠল আবারও

এর আগে সরকারি চতুর্থ শ্রেণির কর্মচারী এবং দেশের ছিন্নমূল বস্তিবাসীর জন্য আওয়ামী লীগ সরকার যে আবাসন প্রকল্প হাতে নিয়েছিল, অন্তর্বর্তী সরকার সেসব প্রকল্পের অনেকগুলোই বাতিল এবং স্থগিত করেছে। এমনকি গৃহহীনদের ঘর দেওয়ার মানবিক প্রকল্পটি পর্যন্ত মুখ থুবড়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থানে হতদরিদ্রদের উচ্ছেদ করে দখল নিয়েছে বিএনপি-জামায়াত-এনসিপির কর্মীরা।

অথচ চব্বিশের দাঙ্গায় হতাহত এবং দাঙ্গায় অংশগ্রহণকারীদের জন্য যেন রাষ্ট্রীয় তহবিল উপচে পড়ছে! এমনটাই বলছেন নেটিজেনরা।

খোঁজ নিয়ে জানা যায়, গৃহায়ণ মন্ত্রণালয়ের ‘আবাসিক ভবন’ বাবদ চলতি অর্থবছর যে ৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, সেখান থেকে এ অর্থ খরচ করবে মন্ত্রণালয়।

জুলাই দাঙ্গা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ই ডিসেম্বর গণসংযোগে বিজয়নগর গেলে তাকে গুলি করে মোটরসাইকেলে আসা আততায়ী।

আহত হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ই ডিসেম্বর তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর আসামাত্রই প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছিলেন, হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে।

Visited 12 times, 1 visit(s) today