নিজস্ব প্রতিবেদক
পুলিশি নির্যাতনে পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
বুধবার (৩১ ডিসেম্বর) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
পরিবার সুত্রে জানা গেছে, গ্রেফতারের পরে পুলিশের নির্যাতন ও কারাগারে বিনা চিকিৎসা তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের স্ত্রী জানান, শফিকুল আলম বাবুল খান কারাগারে অসুস্থ হয়ে ৩ দিন পড়ে ছিলেন কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। একেবারেই মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসার পরপরই তিনি মারা যান।
তবে কারা কর্তৃপক্ষের দাবি, অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যার দিকে জেলহাজতে থাকা অবস্থায় হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
বুকে তীব্র ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়।
নিহত বাবুল খান কলাপাড়া উপজেলা যুবলীগ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে তার বিরুদ্ধে বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরের মামলা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে বাবুল খানকে গ্রেপ্তার করে কলাপাড়া থানার পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই তিনি জেলা কারাগারে বন্দি ছিলেন।
চিকিৎসকরা জানান, শফিকুল আলম বাবুল খান হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
বাবুল খানের মৃত্যুর খবরে কলাপাড়ায় রাজনৈতিক মহলে শোকের আবহ নেমে এসেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।
