স্থানীয় সংবাদদাতা
চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের সামাজিক বৈঠকে (পানশলা) ছুরিকাঘাতে মো. রবিউল ইসলাম প্রকাশ বাবু (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনার আরো দুইজন আহত হয়েছে।
৫ই ডিসেম্বর, শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বাবু মুছা সওদাগরের বাড়ির বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে। তিনি নাজিরহাট ঘাট স্টেশন এলাকার একজন ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উল্লেখিত বাড়িতে একটি বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠক (পানশলা) চলছিল। এ সময় বৈঠকে বাবুর সাথে একই বাড়ির জসিমের (৪৮) সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জসিম ঘর থেকে চাকু নিয়ে এনে বাবুর গলায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়।
ছুরিকাঘাতের সময় উপস্থিত বাবুর ভাই ইমরুল হোসেন বাচ্চু (৩৫) ও চাচাত ভাই ইমন (২১) বাবুকে উদ্ধার করতে গেলে ঘাতক জসিম তাদেরকেও চাকু দিয়ে আঘাত করে। আহত দুইজনকে নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন ঘাতক জসিমকে স্থানীয় একটি হোটেলে আটক করে রাখে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
জানতে চাইলে ওসি মনজুর কাদের ভুঁইয়া জানান, আমি এখন ঘটনাস্থলে আছি। স্থানীয় উত্তেজিত জনতার কারণে এখনো পর্যন্ত জসিমকে থানা হেফাজতে নেওয়া সম্ভব হয়নি। পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
