শিক্ষক নিগ্রহের নিন্দা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ, কঠোর ব্যবস্থার আহ্বান ছাত্রলীগের

শিক্ষক নিগ্রহের নিন্দা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ, কঠোর ব্যবস্থার আহ্বান ছাত্রলীগের
শেয়ার করুন

শিক্ষাঙ্গনে ফ্যাসিবাদ, ছাত্র নামের উগ্রবাদীরা সক্রিয়

সংবাদ প্রতিবেদন

শিক্ষাঙ্গনে শিক্ষকদের ওপর চলমান নির্যাতন, হুমকি ও অপমানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

এক অফিসিয়াল বিবৃতিতে সংগঠনটি বলেছে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে পরিকল্পিত অরাজকতা চলছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং শিক্ষাঙ্গনের স্বাধীনতা, একাডেমিক স্বায়ত্তশাসন ও মুক্তবুদ্ধির ওপর সংগঠিত রাজনৈতিক আক্রমণ।

বিবৃতিতে ছাত্রলীগ উল্লেখ করে, শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, অপমান, হুমকি, চাকরিচ্যুতি দাবি এবং একাডেমিক কার্যক্রমে বাধা—এসবই মুক্তচিন্তা দমন ও ভয়-ভীতি সৃষ্টির উদ্দেশ্যে পরিচালিত। তারা অভিযোগ করে, শিক্ষার্থী পরিচয়ে একটি উগ্র-সন্ত্রাসী গোষ্ঠী শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টিতে নেমেছে, যাদের প্রকৃত পরিচয় “ছদ্ম-রাজনৈতিক লাঠিয়াল”।

ছাত্রলীগ জানায়, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে “প্রহসনমূলক রায়” নিয়ে প্রতিবাদী শিক্ষকরা মব-রাজনীতির শিকার হচ্ছেন।

বিবৃতি দেওয়ার পরপরই এসব শিক্ষকের বিরুদ্ধে বহিষ্কার–গ্রেপ্তারের দাবি তোলা, প্রশাসনের ওপর চাপ প্রয়োগ এবং হামলার হুমকি দেওয়া—এসবকে তারা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে বর্ণনা করেছে।

সংগঠনটির মতে, বিশ্ববিদ্যালয়গুলোতে এমন পরিবেশ তৈরি হয়েছে যেখানে মতপ্রকাশ করলেই শিক্ষকরা জীবন ও পেশাগত নিরাপত্তাহীনতার মুখে পড়ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, তথাকথিত ছাত্রসংসদের কার্যক্রমের মাধ্যমে শিক্ষাঙ্গনে স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী শক্তি পুনরায় সক্রিয় হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের নামে রাজনৈতিক গোষ্ঠীকে মাঠে নামিয়ে শিক্ষক লাঞ্ছনা ও ভিন্নমত দমন করা হচ্ছে, যা মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক রাজনীতির পুনরুত্থান বলে দাবি করে ছাত্রলীগ।

ছাত্রলীগ উল্লেখ করে, বহু শিক্ষক মতপ্রকাশের কারণে অপমান, হামলা, হুমকি, পেশাগত হয়রানি এবং এমনকি মৃত্যুর মতো ঘটনার শিকার হয়েছেন, যা দেশের জন্য লজ্জাজনক।

তারা অভিযোগ করে, মতভিন্নতা প্রকাশ করলেই “ফ্যাসিবাদের দোসর” বা “আওয়ামী লীগের দোসর” বলে ট্যাগ দিয়ে সামাজিকভাবে হুমকির মুখে ফেলা হচ্ছে।

সংগঠনটি দৃঢ়ভাবে জানিয়ে দেয়, শিক্ষকদের বিরুদ্ধে অপমান, লাঞ্ছনা, হুমকি ও মব-শাসনের বিরুদ্ধে ছাত্রসমাজ নীরব থাকবে না। শিক্ষকদের নাগরিক ও সাংবিধানিক অধিকার রক্ষা এবং একাডেমিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় তারা সর্বশক্তি নিয়ে মাঠে থাকার ঘোষণা দেয়।

ছাত্রলীগ দাবি করে, শিক্ষকদের বিরুদ্ধে চলমান দমননীতি অবিলম্বে বন্ধ করতে হবে এবং দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ও শিক্ষক মর্যাদা রক্ষার এই লড়াই শুধু একটি সংগঠনের নয়, এটি রাষ্ট্রের ভবিষ্যৎ রক্ষার সংগ্রাম।

শেষে ছাত্রলীগ জানায়, গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা লড়াই ও প্রতিরোধে অটল থাকবে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

Visited 13 times, 1 visit(s) today