ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহের ভালুকায় অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন গণজাগরণ মঞ্চের স্থানীয় সংগঠক আবুল কালাম আজাদ। স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দাবির মুখে তাকে আটক করে পুলিশ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, আবুল কালাম আজাদকে একটি ‘রাজনৈতিক মামলায়’ গ্রেপ্তার করা হয়েছে। মামলায় তার নাম ছিল না, তবে অজ্ঞাত আসামি হিসেবে সম্পৃক্ততার অভিযোগে তাকে ধরা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, বৃহস্পতিবার দুপুরে আজাদ পিস্তলের লাইসেন্স নবায়নের জন্য ভালুকা মডেল থানায় যান। ওই সময় স্থানীয় জামায়াত নেতাকর্মীরা থানায় জড়ো হয়ে তার গ্রেপ্তারের দাবি জানান। পরে পুলিশ তাকে আটক করে।
তারা আরও জানান, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের স্থানীয় সংগঠক ছিলেন।
জামায়াতের দাবিতে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করলে ওসি হুমায়ুন কবির বলেন, “কেউ না কেউ তো তথ্য দিয়ে সহায়তা করে।”
ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান বলেন, “গণজাগরণ মঞ্চের সময় উনি টেলিভিশনে বক্তৃতা দিয়েছেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। তাদের কারণে যাবজ্জীবন সাজা পাওয়া ব্যক্তির ফাঁসির রায় হয়েছিল। তাই আমরা তার গ্রেপ্তারের দাবি জানিয়েছি।”
