কুষ্টিয়ায় মন্দিরের প্রতিমা ভেঙে নিয়ে গেছে সিসি ক্যামেরা, ভয়ে চুপ মন্দির কমিটি

কুষ্টিয়ায় মন্দিরের প্রতিমা ভেঙে নিয়ে গেছে সিসি ক্যামেরা, ভয়ে চুপ মন্দির কমিটি
শেয়ার করুন

স্থানীয় সংবাদদাতা

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুর শেষে মন্দিরের আইপি ক্যামেরা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গতকাল ১৪ই সেপ্টেম্বর, রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। কোপানলে পড়ার ভয়ে এখন পর্যন্ত মামলা করেনি পূজা উদযাপন কমিটি। গণমাধ্যমের কাছে মুখ খুলতেও চাননি তারা।

ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকারসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শনে যান।

মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ বলেন, মন্দিরে কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না, আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছিল। এই সুযোগে কে বা কারা প্রতিমা ভাঙচুর করে চলে গেছে।

তিনি আরও বলেন, টিনশেড ঘেরা অস্থায়ী এই মন্দিরে পাহারার লোক আছে। কিন্তু লোডশেডিং থাকায় বোঝা যায়নি কিছুই। পরে গিয়ে দেখি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। সামনে দুর্গাপূজা, প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। আজ (সোমবার) থেকে রঙের কাজ শুরু হওয়ার কথা ছিল।

মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ। কার্তিক, সরস্বতীসহ আরও কয়েকটি প্রতিমায় ভাঙচুর করা হয়েছে। সেখানে একটি আইপি ক্যামেরা ছিল। সেটিও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় কাউকে সন্দেহ বা কারা জড়িত থাকতে পারে, তা মন্দির কমিটি বলতে পারছে না। তারা মামলা দিতেও চাইছে না। পুলিশ এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে, জানালেন ওসি।

র‌্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার বলেন, আমরা ঘটনাস্থলে আছি। পুলিশ সুপারও উপস্থিত আছেন, তদন্ত চলছে।

Visited 14 times, 1 visit(s) today