চোর সন্দেহে পিডিবি ঠিকাদারের কর্মীকে পিটিয়ে হত্যা, পুলিশের দাবি হার্টফেল

চোর সন্দেহে পিডিবি ঠিকাদারের কর্মীকে পিটিয়ে হত্যা, পুলিশের দাবি হার্টফেল
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়াতে চোর সন্দেহে মো. লোকমান হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ তারেক আজিজ (৩৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে আটক করেছে।

তবে পুলিশ বলছে, মারধরের পর আতঙ্কে লোকমান মারা গেছেন।

নিহত লোকমান হোসেন শেরপুরের চকপাড়ার সোনারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের কর্মচারি ছিলেন।

আজ ২২শে আগস্ট, শুক্রবার দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আটক তারেক আজিজ উপজেলার জাহাজমারা ইউনিয়নের চরহেয়া গ্রারে কামাল উদ্দিনের ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।

পুলিশ জানায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের কর্মী লোকমান ও মোস্তাফিজুর রহমান উভয়ই শেরপুর জেলার বাসিন্দা। জাহাজমারা ইউনিয়নে তাদের ঠিকাদার বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ করার পর বেশ কিছু স্ক্র্যাপ রয়ে যায়। পরে দুজন সেসব উপজেলার চরহিয়া গ্রামের আসাদনগর ত্রিমোহনীর একটি ভাঙারি দোকানে বিক্রি করে দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা বিক্রিত মালের ওজন নিশ্চিত হতে আবার ভাঙারি দোকানে গেলে সেখানে স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি তারেক আজিজসহ তিনজন ঠিকাদারের দুই কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন।

পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে লোকমান ও মোস্তাফিজকে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে লোকমানকে লোহার রেঞ্চ দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় বেধড়ক পেটানো হয়।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে দুজনই বাঁধা। তখনো তারা জীবিত ছিলেন। পুলিশ তাদের বাঁধন খুললে লোকমান ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন। তখনই তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মবের আতঙ্কেই তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

অপর এক প্রশ্নের জবাবে ওসির দাবি, চোর সন্দেহে তাদের পিটিয়ে হত্যা করা হয়নি। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পিঠে ছোট একটি দাগ থাকলেও আঘাতের চিহ্ন নেই। ভয়ে-আতঙ্কে হার্টফেল করতে পারে।

তিনি বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

Visited 10 times, 1 visit(s) today