উত্তরপত্র মূল্যায়নে গাফিলতি: ৭১ শিক্ষক পাঁচ বছরের জন্য কালো তালিকায়

উত্তরপত্র মূল্যায়নে গাফিলতি: ৭১ শিক্ষক পাঁচ বছরের জন্য কালো তালিকায়
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নে অবহেলার অভিযোগে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে কালো তালিকাভুক্ত করেছে। আগামী পাঁচ বছরে বোর্ডের অধীনে অনুষ্ঠিত কোনো পাবলিক পরীক্ষায় তারা প্রধান পরীক্ষক, পরীক্ষক বা নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বে অবহেলা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। শিক্ষকদের মধ্যে জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা প্রমাণিত হলে একই ধরনের শাস্তি দেওয়া হবে।

এছাড়া কালো তালিকাভুক্ত শিক্ষকদের নাম দ্রুত ই-এফটি থেকে বাদ দিয়ে বোর্ডকে অবহিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি শিক্ষক কালো তালিকাভুক্ত হয়েছেন ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রের মূল্যায়নে অবহেলার কারণে।

এ ছাড়া বাংলা, গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইসলাম শিক্ষা, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ বিভিন্ন বিষয়ে গাফিলতির প্রমাণ মিলেছে।

কালো তালিকাভুক্তদের মধ্যে রয়েছেন সহকারী শিক্ষক থেকে শুরু করে প্রধান শিক্ষক ও অধ্যক্ষও। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— টাঙ্গাইলের ঘাটাইলের মুরাইদ গড়বাজার আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ইসহাক আলী, রাজবাড়ির আরাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান, নারায়ণগঞ্জের হাজি পান্ডে আলী হাইস্কুলের প্রধান শিক্ষক শিশির কুমার বালা এবং মানিকগঞ্জ সরকারি হাইস্কুলের শিক্ষক মো. মোস্তাক আহমেদ।

Visited 25 times, 1 visit(s) today