❐ বিনোদন প্রতিবেদক
অভিনেত্রী আজমেরী হক বাঁধনের দাবি, তাকে পেশাগত ও ব্যক্তিগত জীবনে একা লড়াই করতে হয়েছে। নিজ জীবনের পুরুষদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
বাঁধন লিখেন, আমাকে নিয়ে একটা ভুল বোঝাবুঝি আছে। অনেকে মনে করেন, আমি পুরুষদের অপছন্দ করি। এটা সত্যি নয়। আমি অপছন্দ করি পিতৃতন্ত্রকে, আর যারা সেটাকে লালন করেন তাদের। কিন্তু আমি মানুষকে ঘৃণা করি না।
তার মতে, জীবনের কিছু পুরুষ তাকে গড়ে তুলেছে, কেউ কেউ নেতিবাচক প্রভাব ফেলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণদের মধ্যে রয়েছেন রেহানা সিনেমার পরিচালক সাদ—যে তাকে গভীরভাবে গড়েছেন, জানান বাঁধন।
তিনি বলেন, ভাইরা শুধু সহচরই না, ছোট ভাই রাশা আমার প্রিয় বন্ধু। বড় ভাই এমন সময়ে পাশে ছিলেন, যখন মা-বাবাও পারেননি। সম্পত্তি ভাগের ক্ষেত্রেও তারা সমানভাবে ভাগ করেছেন, শরিয়াহর প্রচলিত নিয়ম মানেননি। এ সিদ্ধান্ত আমার কাছে অসাধারণ।
তিনি লিখেছেন, আমার জীবনে এমন পুরুষও এসেছে যারা অসম্মানজনক, সহিংস, অমানবিক ছিলেন। তাদের নিষ্ঠুরতাই আমাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তাদের জন্য প্রার্থনা করব না, তারা আমার গল্পে থেকে যাবেন।
তিনি স্পষ্ট করেন, ‘ভুল বুঝবেন না, আমি পুরুষদের অপছন্দ করি না। আমি পিতৃতন্ত্রকে অপছন্দ করি। আর হ্যাঁ, আমি পুরুষদের পছন্দ করি।’
সাম্প্রতিক সময়ে বিতর্ক যেন বাঁধনের পিছু ছাড়ছে না। গত জুলাই-আগস্টে আন্দোলনের নামে জঙ্গিদের সমর্থন যোগানো এবং পরবর্তী সময় ধরে সেই জঙ্গি-হামলাকারী, বিক্ষোভরতদের পাশে থাকা, তাদের সহচর হিসেবে রাজনৈতিক অবস্থান নেওয়া নিয়ে ব্যাপক সমালোচিত বাঁধন।
এরইমধ্যে সামনে এসেছে চুরির দায়ে থাইল্যান্ডে জেল খাটা এবং কলেজে পড়াকালে চুরি ধরা পড়ার বেশ কিছু ঘটনাও।
