❐ জেলা প্রতিনিধি
ফেনীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার ফাজিলপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আজ ১৬ই আগস্ট, শনিবার ফেনী মডেল থানার মাধ্যমে তাদের আদালতে হাজির করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে ফাজিলপুরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন (৩২) ও ফেনী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন (৩০)। দুজনই ফাজিলপুরের বাসিন্দা। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, জবরদখল ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার সকালে আটককৃতদের মডেল থানায় হস্তান্তর করা হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফেনী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামসুজ্জামান বলেন, দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
