নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে।
গতরাতে যমুনা নদীর তীরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তির নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের মরদেহ শহিদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদী পার হয়ে নৌকায় করে গরু নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে ধরে ফেলেন গ্রামবাসীরা। পরে উত্তেজিত জনতা তাদের আটক করে বেধড়ক মারধর করেন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক হয়ে গণপিটুনির শিকার হন ওই দুই ব্যক্তি। ঘটনাস্থলেই তারা মারা যান। সন্দেহভাজন আরও দুজনকে পুলিশ আটক করেছে।’
নিহতদের পরিচয় শনাক্ত ও পুরো ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
