স্বৈরাচারবিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা কামাল পাশাকে সাদা পোশাকে তুলে নিয়ে গেছে ডিবি

স্বৈরাচারবিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা কামাল পাশাকে সাদা পোশাকে তুলে নিয়ে গেছে ডিবি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | ৩ আগস্ট ২০২৫

৯০-এর দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা ও বিশিষ্ট চিত্রশিল্পী কামাল পাশা চৌধুরীকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে সাদা পোশাকে গোয়েন্দা শাখা (ডিবি) পরিচয়ে একদল অজ্ঞাত ব্যক্তি তুলে নিয়ে গেছেন। এ ঘটনায় তাকে কোনো থানায় গ্রেফতার দেখানো হয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, শনিবার রাতে লালমাটিয়ার নিজ বাসা থেকে কামাল পাশা চৌধুরীকে এই দলটি তুলে নিয়ে যায়।

তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাদা পোশাকধারী ওই ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে তাদের পরিচয় বা এই ঘটনার পেছনের উদ্দেশ্য সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য তারা পাননি।

পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় খোঁজ নেওয়া হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

কামাল পাশা চৌধুরীর একজন ঘনিষ্ঠ আত্মীয় বলেন, “আমরা পুরোপুরি হতবাক। তারা এসে তাকে তুলে নিয়ে গেছে, কিন্তু কোথায় নিয়ে গেছে বা কেন নিয়ে গেছে, সে সম্পর্কে কিছুই জানায়নি। আমরা বিভিন্ন থানায় যোগাযোগ করেছি, কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি।”

৯০-এর দশকে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে কামাল পাশা চৌধুরী ছিলেন একজন প্রভাবশালী ছাত্রনেতা। তার সাহসী ভূমিকা এবং পরবর্তী সময়ে চিত্রশিল্পী হিসেবে তার কাজ তাকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। ২০১৩ সালের যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে সৃশট গণজাগরনের একজন অন্যতম সংগঠক ছিলেন কামাল পাশা। এই ঘটনার পর তার পরিবার, বন্ধু ও সহকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। তবে, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা এ বিষয়ে কোনো তথ্য পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত করা হবে।”

এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন। অনেকে ভাবছেন এটা আবার কোণ মব সন্ত্রাস এবং অবিলম্বে কামাল পাশা চৌধুরীর সন্ধান চেয়েছেন আন্তর্বর্তীকালীন সরকারের কাছে।

তার পরিবার এবং সমর্থকরা তার নিরাপত্তা ও দ্রুত মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনার বিষয়ে আরও তথ্য পাওয়ার জন্য তদন্ত চলমান রয়েছে।

Visited 46 times, 1 visit(s) today