স্থানীয় সংবাদদাতা
কুড়িগ্রামের চিলমারীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে স্থানীয় জামায়াত নেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২রা আগস্ট, শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
জুয়াড়িদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।
পুলিশ সূত্রে প্রাপ্ত গ্রেপ্তারকৃতদের নাম: নয়ারহাট ইউনিয়নের জামায়াতের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন (২৮), মো. আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আ. মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭), ও সুমন (২৬)।
থানা-পুলিশ জানায়, রাতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়ির একটি ঘরে জুয়ার আসর বসে। যেখানে বড় অঙ্কের অর্থের বিনিময়ে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সেখান থেকে ১৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে।
এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করে পুলিশ।
ওসি মতিয়ার রহমান জানান, গ্রেপ্তার আসামিদের রোববার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশনায় এলাকায় মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
জামায়াত নেতাকে জুয়ার আসর থেকে গ্রেপ্তার প্রসঙ্গে চিলমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলুল হক বলেন, ‘কেউ খারাপ কিছু করলে আমরা তার পরিবর্তে নতুন মানুষ সেট করব। আমাদের নেতাকর্মীর অভাব নাই। তাছাড়া এটা এমন আহামরি কোনো ঘটনা না, এ নিয়ে এত হৈ চৈ করার কী আছে?’
