গুপ্ত সংগঠন শিবির সভাপতির শিক্ষাগত যোগ্যতা ও ছাত্রত্বকে ছাত্রদল সভাপতির চ্যালেঞ্জ

গুপ্ত সংগঠন শিবির সভাপতির শিক্ষাগত যোগ্যতা ও ছাত্রত্বকে ছাত্রদল সভাপতির চ্যালেঞ্জ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

গুপ্ত সংগঠন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির শিক্ষাগত যোগ্যতা ও ছাত্রত্ব নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, শিবিরের কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। সে ২০০৮-০৯ বর্ষের শিক্ষার্থী। তার কীভাবে ছাত্রত্ব থাকে? এই গুপ্ত বাহিনীর একটা আলবটর বাহিনী রয়েছে। জামায়াতে ইসলামীর যারা ছাত্রদলের বিরুদ্ধে কথা বলেন, তারা আপনাদের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি কত সেশনের শিক্ষার্থী, তা স্পষ্ট করবেন।

২৬শে জুন, বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ছাত্রদলের মাসব্যাপী ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাকিব বলেন, “২০০৮-০৯ সেশনের একজন শিক্ষার্থী কীভাবে এখনো ছাত্র সংগঠনের নেতৃত্বে থাকেন? তার ছাত্রত্বের বৈধতা কি আজও আছে? এই প্রশ্নের জবাব জাতিকে জানাতে হবে।”

তিনি আরও বলেন, বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির ছাত্রলীগ করার প্রমাণ আমাদের কাছে রয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্রলীগের পুনর্বাসনের ক্ষেত্র হিসেবে নিজেদের ব্যবহার করছে। ছাত্রলীগের পুনর্বাসন হিসেবে এ ছাত্র সংগঠনগুলো তৈরি হচ্ছে।

ছাত্রদল সভাপতির দাবি, ক্ষমতাসীনদের সুবিধাবাদী প্রক্রিয়ায় মাঠে আসা নতুন ছাত্র সংগঠনগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রলীগের সাবেকদের জায়গা করে দেওয়া।

তিনি বলেন, “গণতান্ত্রিক ছাত্র সংসদ ও অনুরূপ সংগঠনগুলো ছাত্র রাজনীতিকে কলুষিত করছে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটির বিষয়ে রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা দীর্ঘদিন নিষ্ক্রিয়, তাদের তালিকা পাঁচ-ছয় দিনের মধ্যে প্রকাশ করা হবে। তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ত্যাগী ও সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হবে। কমিটি যাচাই-বাছাই করে খুব শিগগিরই প্রত্যেকটি বিভাগে রানিং শিক্ষার্থীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।”

Visited 74 times, 1 visit(s) today