নিজস্ব প্রতিবেদক
বগুড়ার নন্দীগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এক ছাত্রদল নেতা। মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিল শিক্ষককে মারধর করেন ও কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
২৬শে জুন, বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষে ২০৩ নম্বর কক্ষে ফিরোজ আহমেদ শাকিল উত্তরপত্র জমা দিতে অস্বীকৃতি জানান। এ সময় হলগার্ড প্রভাষক ফেরদৌস আলী তাকে উত্তরপত্র জমা দিতে বললে শাকিল উচ্চস্বরে নিজের পরিচয় দিয়ে উত্তেজিত হন এবং সন্ত্রাসী স্টাইলে ওই শিক্ষককে মারধর করেন। শিক্ষককে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে আসেন এবং বেধড়ক মারধর করেন।
এ ঘটনায় কেন্দ্রে উপস্থিত অন্যান্য শিক্ষকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্রদল নেতার এমন সন্ত্রাসী আচরণে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় কেন্দ্রে।
এদিকে ঘটনাটি জানাজানি হলে বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নন্দীগ্রাম উপজেলা শাখার অন্তর্গত মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ দলীয় সিদ্ধান্তে এ আদেশ অনুমোদন করেন।
এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু জানান, একটি পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষাকেন্দ্রে এমন সন্ত্রাসী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
