নিজস্ব প্রতিবেদন
চাঁদাবাজির অভিযোগে শুক্রবার ভোরে চট্টগ্রামের চাঁন্দগাও থানায় উগ্রবাদী সংগঠন ইসলামী আন্দোলনের এক নেতাকে আটক করা হয়। এ ঘটনার পর সকাল থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ করে দলটির শতাধিক উগ্রবাদী নেতাকর্মী।
সকাল সাড়ে ১০টার দিকে উগ্রবাদী সংগঠনটির নেতাকর্মীরা চাঁন্দগাও থানা ঘেরাও দিয়ে বিক্ষোভ শুরু করে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। তাদের দাবি, আটক ওই নেতা চাঁদাবাজির সাথে জড়িত নয় এবং অনতিবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।
সরেজমিনে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির একটি মামলায় উগ্রবাদী সংগঠনটির চান্দগাঁও থানার সেক্রেটারি হাবিবুর রহমানকে আটক করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে থানায় অবস্থান নেন নেতাকর্মীরা।
তবে সংগঠনের নেতাকর্মীদের দাবি, মিথ্যা মামলায় তাদের নেতাকে আটক করা হয়েছে। এপ্রিলে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশ করার পর ক্ষিপ্ত হয় বিএনপি ও জামায়াত-শিবিরের চাঁদাবাজ কর্মীরা। তারাই হাবিবুর রহমানকে জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ করেছে।
ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বলেন, চাঁদাবাজিকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলকভাবে হাবিবুর রহমানের নামে মামলা দেওয়া হয়। মামলায় আটক কয়েকজনের ব্যাপারে গতকাল কথা বলতে এলে তাকে আটক করে পুলিশ।
সরেজমিনে দেখা যায়, চান্দগাঁও থানা প্রাঙ্গণে দাঁড়িয়ে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে উগ্রবাদী সংগঠনটির নেতাকর্মীরা। তাদের দাবি, উপযুক্ত প্রমাণ ছাড়া হাবিবুরকে আটক করা হয়েছে। তারা হাবিবুরকে আদালতে চালান দিতে দেবেন না বলে জানান। এ সময় থানা কম্পাউন্ডে কোনো সাংবাদিককে ঢুকতে দেননি থানার পুলিশরা।
পরে বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, বিক্ষোভকারীদের দাবি আটক ব্যক্তি কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয়। আমরা মামলার বাদিকে খবর দিয়েছি। বাদির সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
