নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণফোরামের সভাপতি এবং প্রবীণ রাজনীতিক মোস্তফা মোহসীন মন্টু আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
১৫ই জুন, শনিবার বিকেল ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু এক সংবাদ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।
মোস্তফা মোহসীন মন্টু দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। স্কয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছিল।
তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী এবং একজন পরীক্ষিত ছাত্রনেতা। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও পরবর্তীতে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত গণফোরামের শীর্ষ নেতৃত্বে যুক্ত হন।
১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে মোস্তফা মোহসীন মন্টু ঢাকা-৩ আসন থেকে জাতীয় সংসদে নৌকা প্রতীকে নির্বাচিত হন। কিন্তু ১৯৯২ সালে আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী কামাল হোসেন আওয়ামী লীগ ছেড়ে গণফোরাম গঠন করলে মন্টুও তার সাথে যোগ দেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। গণফোরামের সভাপতি হিসেবে দল পুনর্গঠনে, বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে মতপ্রকাশে এবং যুক্তফ্রন্টের প্ল্যাটফর্মে সক্রিয় ছিলেন তিনি।
