জিএম কাদেরের বাড়িতে বৈছা-এনসিপি-শিবির ক্যাডারদের সশস্ত্র হামলা-ভাঙচুর

জিএম কাদেরের বাড়িতে বৈছা-এনসিপি-শিবির ক্যাডারদের সশস্ত্র হামলা-ভাঙচুর
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে হামলা করেছে এনসিপি-শিবির ক্যাডাররা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে রংপুর নগরীর সেনপাড়া এলাকার ওই বাড়িতে (স্কাইভিউ) এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় ও শহিদ মিনার এলাকাসহ সেনপাড়ায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সতর্ক টহল শুরু করেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, হামলার সময় ওই বাড়িতেই অবস্থান করছিলেন জিএম কাদের। এ ঘটনায় ওই এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীরা জড়ো হয়ে হামলা প্রতিহত শুরু করায় উত্তেজনা বিরাজ করছে।

এর আগে, এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম এক সভায় প্রশ্ন তোলেন জিএম কাদের এখনও বাইরে কীভাবে!

এরপরই এ ঘটনা ঘটায় জাপা নেতাকর্মীদের দাবি, এনসিপি নেতৃত্ব গুপ্ত সংগঠন শিবিরের সন্ত্রাসীদের সাথে নিয়ে মব তৈরি করে এ ঘটনা ঘটিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত ৯টার সময় রংপুর প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈছা নেতাকর্মীরা। মিছিলটি সেখান থেকে সেনপাড়া পর্যন্ত যায়। এ সময় তারা জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। মিছিলটি গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠে।

একপর্যায়ে নেতাদের বাধা উপেক্ষা করে মিছিলটি সিনাপাড়ায় জিএম কাদেরের পৈত্রিক বাড়ি স্কইভিউয়ের সামনে এলে বিক্ষুব্ধ মিছিলকারীরা তার বাড়িতে হামলা চালায়। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা সেখানে উপস্থিত না থাকায় মিছিলকারীরা নির্বিঘ্নে হামলা চালিয়ে তারা আবার ফিরে আসতে থাকে।

হামলার সময় বাড়িতে দরজা-জানালায় ব্যাপক ভাঙচুর করা হয়। একটি গলির ভেতর থেকে একদল দুর্বৃত্ত জিএম কাদেরের বাড়ির সামনে রাখা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে জাতীয় পার্টিও নেতাকর্মীরা প্রস্তুতি নিয়ে জিএম কাদেরের বাড়ির চারদিকে নিরাপত্তা বলয় তৈরি করে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে নগরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় জিএম কাদের বলেন, আমি বিশ্রাম করছিলাম। নেতাকর্মীরা চলে গেছে- এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা-ভাঙচুর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

তিনি বলেন, এ দেশে এখন কেউ নিরাপদ নয়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হামলার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), শিবির ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা জড়িত।

সশস্ত্র হামলার ভিডিও

তিনি বলেন, জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল। তারা শান্তিতে থাকতে পছন্দ করে। তবে কেউ হামলা করলে তাকে ছাড় দেবে না রংপুরবাসী।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, বৈষ্যম্যবিরোধীরা আন্দোলনের ব্যানারে এই সশস্ত্র হামলা চালানো হয়। আমরা এর জবাব দিব। সে জন্য সভা ডেকে দলের নেতাকর্মীদের মতামত নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।

Visited 79 times, 1 visit(s) today