ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আফিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে একে অপরের চাচাতো বোন।
আজ, ২৮শে মে, বুধবার সকাল ৯টার দিকে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্কুলে যাওয়া জন্য গোসল করতে পুকুরে নেমে ওই দুই শিশু পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত আফিয়া খোসালপুর গ্রামের শফিকুল ও সাথিয়া একই গ্রামের খায়রুল ইসলামের মেয়ে। তারা খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতো।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও আফিয়ার মামা এনামুল হক জানান, সকালে দুই বোন স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাদের সাড়াশব্দ না পেয়ে পুকুরে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে।
