সশস্ত্র দুর্বৃত্তদের হুমকিতে বেসরকারি সংস্থার কোরবানির মাংস বিতরণ কর্মসূচি বাতিল

সশস্ত্র দুর্বৃত্তদের হুমকিতে বেসরকারি সংস্থার কোরবানির মাংস বিতরণ কর্মসূচি বাতিল
শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহে তুর্কি সহয়তায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন জাহেদী ফাউন্ডেশনের কর্মরতদের ওপর সন্ত্রাসী হামলা ও হুমকির কারণে কোরবানির মাংস বিতরণ কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানান তারা ২০১১ সাল থেকে প্রতিবছর জেলায় অস্বচ্ছল পরিবারে রমজানে খাদ্য সামগ্রী এবং কোরবানিতে মাংস বিতরণ করছে। এই কার্যক্রম সারা দেশে সমাদৃত। যার ধারাবাহিকতায় এবার রমজানেও প্রায় ৫০ হাজার অসচ্ছল পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এবারও কোরবানিতে মাংস বিতরণের সিদ্ধান্ত হয়। এ বছর প্রায় ৪০০ গরু কোরবানির প্রস্তুতি ছিল। ইতিমধ্যে গরু ক্রয় এবং স্থানীয় কসাইদের সাথে চুক্তিও সম্পন্ন হয়।

এই কর্মসূচি যেন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে জাহেদী ফাউন্ডেশন সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করে।

তবে বেশ কিছুদিন ধরে কিছু ব্যক্তি বিভিন্ন মাধ্যমে এই কর্মসূচি বন্ধের অপচেষ্টা চালিয়ে আসছিল। গতকাল দুপুর ১টার দিকে প্রায় ২৪-২৫টি মোটরসাইকেল নিয়ে পঞ্চাশের বেশি লোক লোহার রড, হকিস্টিক, রামদাসহ দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে সংস্থাটির কোরবানির মাংস বিতরণের নির্ধারিত স্থান “কিংশুক ইট ভাটায়” অতর্কিতে সন্ত্রাসী মহড়া চালায়। এসময় সন্ত্রাসীরা ডেকোরেটরের কাজে নিয়োজিত শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়, অশ্রাব্য গালিগালাজ করে এবং এলাকায় কোরবানির মাংস বিতরণের কাজ বন্ধের হুমকি দেয়।

সংস্থাটির কর্মকর্তাদের মতে, এই সশস্ত্র মহড়া ও হুমকির পেছনে একটি কুচক্রী মহল তাদের অশুভ ফায়দা হাসিলের চেষ্টা করছে।

উদ্ভূত ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে এবং যেকোন ধরণের অনভিপ্রেত ঘটনা এড়াতে জাহেদী ফাউন্ডেশন এ বছর কোরবানির মাংস বিতরণ কর্মসূচি স্থগিতের ঘোষণা করছে।

এ বিষয়ে ইতোমধ্যেই তারা ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগপত্র জমা দেয়।

Visited 45 times, 1 visit(s) today