নিজস্ব প্রতিবেদক::
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট বারে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “অনেকে মনে করছেন আমরা স্বস্তিতে আছি, কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছি।”
মির্জা ফখরুল জানান, দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে, তবে এখনো তা বাস্তবায়িত হয়নি। প্রতিনিয়ত নতুন শর্ত আর জটিলতা তৈরি হচ্ছে, যেখানে সামাজিক মাধ্যমও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, ২০২২ সালে রাজনৈতিক সংস্কারের রূপরেখা বিএনপিই দিয়েছিল, তাই দলটি সংস্কারবিরোধী নয়।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের প্রতিনিধিত্বমূলক সরকারের অধীনে নির্বাচন চায়। “আমরা অবশ্যই ক্ষমতায় যেতে চাই, কারণ রাজনীতির লক্ষ্যই জনগণের সেবা করা,” — বলেন ফখরুল।
অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এই সময়কালে বিনিয়োগ, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য— কোনো খাতে ইতিবাচক পরিবর্তন হয়নি। দেশি-বিদেশি বিনিয়োগকারীরাও আস্থা পাচ্ছেন না।”
তিনি জানান, বিএনপি অন্তর্বর্তী সরকারের সফলতা চায়, কারণ এই সরকার গঠনে বিএনপিরও ভূমিকা ছিল। তবে মানবিক করিডোরের মতো বিষয়গুলোতে জনগণের মতামত উপেক্ষা করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
