নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (সকাল সাড়ে ছয়টার দিকে) শহরের বিবি রোডের কালিরবাজার মোড়ে এ ঘটনা ঘটে। আইন মেনে পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর তাকে নেওয়ার সময় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ ও ইটপাটকেল ছোড়া হয়।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা এই হামলায় জড়িত। হামলায় পুলিশের দুই সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীকে গ্রেপ্তারের জন্য দেওভোগ এলাকার তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। ভোররাত পর্যন্ত হাজারো নারী-পুরুষ শান্তিপূর্ণভাবে তার গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান করেন। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর ভোরে আইভী নিজেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
পরবর্তীতে পুলিশ ও র্যাবের প্রায় ১৫টি গাড়ির বহর যখন তাকে নিয়ে যাচ্ছিল, তখন একদল হামলাকারী ইটপাটকেল ছুড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা আইভীর সমর্থকদেরও ধাওয়া দেয়।
