দুই বৈছা নেতার নেতৃত্বে প্রাইম এশিয়ার পারভেজকে হত্যা: ছাত্রদল

দুই বৈছা নেতার নেতৃত্বে প্রাইম এশিয়ার পারভেজকে হত্যা: ছাত্রদল
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২০শে এপ্রিল, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের দুই নেতার নেতৃত্বে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৈছা আন্দোলন বনানী শাখার যুগ্ম আহ্বায়ক শোভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় নিয়াজীর নেতৃত্বেই এই হামলায় পারভেজের বুকে ছুরি মারা হয়।

২০শে এপ্রিল, রোববার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড’ শীর্ষক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রাকিব।

তিনি বলেন, ঘটনার সময় পারভেজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েও কোনো সহায়তা পায়নি।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব গভীর শোক প্রকাশ করে জানান, শনিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এই নৃশংস ঘটনা ঘটে। টেক্সটাইল বিভাগের ২২৩ ব্যাচের মেধাবী ছাত্র পারভেজ বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসের সামনে শিঙাড়া খাচ্ছিলেন। এ সময় মেহেরাজ ইসলাম ও কয়েকজন ছাত্রী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে উত্ত্যক্ত করে। এক পর্যায়ে হাতাহাতির পর বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টর মীমাংসা করলেও উচ্ছৃঙ্খল মেহেরাজ বহিরাগত সন্ত্রাসীদের এনে পারভেজের ওপর পরিকল্পিত হামলা চালায়।

রাকিব বলেন, ‘প্রক্টর দ্বারা মীমাংসিত ঘটনার পরও একজন মেধাবী ছাত্রকে ক্যাম্পাসের সামনে প্রকাশ্যে হত্যা করার কোনো যুক্তিসংগত কারণ নেই। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ’

তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে বৈষম্যবিরোধী ব্যানারে একটি মহল ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। ছাত্রদলের কর্মীদের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইলে সন্ত্রাসী কার্যকলাপ চালানো হচ্ছে এবং ক্যাম্পাসের বাইরেও তাদের কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে, যা গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের সুস্পষ্ট লঙ্ঘন। এসময় পারভেজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং মদতদাতাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি।

তিনি এ সময় বৈছা আন্দোলনের পেজ থেকে দেওয়া পোস্টের নিন্দা জানিয়ে বলেন, তারা অভিযুক্তদের পক্ষ নিয়ে অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে।

অন্তর্বর্তী সরকারের প্রতি সমতা ও ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, বৈছা নেতাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করলেও ছাত্রদলের মতো একটি বৃহৎ সংগঠনের সঙ্গে কোনো আলোচনা করেনি প্রশাসন এবং কোনো সহযোগিতাও করেনি।

তিনি সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

ছাত্রদল সভাপতি বলেন, পারভেজের পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় বৈছা আন্দোলনের ৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। প্রধান আসামি মেহেরাজ ইসলাম ছাড়াও মামলার অন্যান্য আসামিরা হলেন শোভান নিয়াজ তুষার, হৃদয় মিয়াজি, আবু জহর গিফারি ও মোহাম্মদ মাহাতি হাসান।

এ সময় ছাত্রদল সভাপতি অভিযোগ করে বলেন, বৈছা নেতারা থানায় গিয়ে মামলা প্রভাবিত করার চেষ্টা করছে এবং মূল আসামিদের বাঁচানোর চেষ্টা করছে। নেতাকর্মীদের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।

সংবাদ সম্মেলন শেষে বিএনপির কেন্দ্রী কার্যালয়ের সামনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের জানাজা অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদলের পক্ষ থেকে নয়া পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়।

Visited 162 times, 1 visit(s) today