আন্তর্জাতিক
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে এনডিটিভি।
প্রধানমন্ত্রী হিসেবে এটি মোদির তৃতীয় সৌদি সফর। আগামী ২২ ও ২৩শে এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে। এর আগে তিনি ২০১৬ ও ২০১৯ সালে সৌদি আরব সফর করেছিলেন।
ভারত ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দেশ দুইটির মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্কের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। কৌশলগত অংশীদার হিসেবে ভারত ও সৌদি আরব রাজনৈতিক, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সম্পর্কের মতো বিভিন্ন খাতে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোদির এই সফরের মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক অংশীদারত্ব আরও গভীর ও দৃঢ় হবে। একই সঙ্গে এই সফরে পারস্পরিক আগ্রহের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হবে।
গত বছর সেপ্টেম্বর মাসে জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারত সফরে এসেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর ধারাবাহিকতায় এবার সৌদি সফরে যাচ্ছেন মোদি। এর আগে ২০১৯ সালে ভারত সফরে এসে মোদির ভূয়সী প্রশংসা করেছিলেন যুবরাজ সালমান। সে সময় তিনি মোদিকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করেন এবং নিজেকে মোদির ‘ছোট ভাই’ হিসেবে উল্লেখ করেন।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির অর্থনৈতিক উন্নয়নে ভারতীয় প্রবাসীদের অবদান ব্যাপকভাবে স্বীকৃত।
সৌদি আরব বর্তমানে ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, আর ভারত সৌদির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। সৌদি আরবে অন্তত ২৭ লাখ ভারতীয় নাগরিক বসবাস করে, এবং এই সংখ্যা ক্রমাগত বাড়ছে।
