২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার সৌদি আরবে

২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার সৌদি আরবে
শেয়ার করুন

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের সৌদি আরবে গত এক সপ্তাহে ২০ হাজার ৬৮৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।

১৯শে এপ্রিল, শনিবার সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিভিন্ন আইনি লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে ১২ হাজার ৩৭২ জন আবাসিক আইন, ৪ হাজার ৭৫০ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫৬৬ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়েছেন।

এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অভিযোগে আরও ১ হাজার ২৬৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৬১ শতাংশ ইথিওপিয়ান, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

প্রতিবেদনে আরও জানানো হয়, সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময় ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, পরিবহন আইন লঙ্ঘনের দায়ে আরও ২৭ জনকে আটক করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি অবৈধভাবে কারও প্রবেশে সহায়তা করে, আশ্রয় দেয় বা পরিবহন করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অপরাধে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

এছাড়া আইন লঙ্ঘন সম্পর্কিত তথ্য জানাতে মক্কা ও রিয়াদ অঞ্চলের নাগরিকদের ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলের নাগরিকদের ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Visited 176 times, 1 visit(s) today