ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর এবার বাংলাদেশি ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত

ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর এবার বাংলাদেশি ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১০ই এপ্রিল, ২০২৫

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার পরপরই বাংলাদেশের চারটি রপ্তানি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দরের গেট থেকেই ফিরিয়ে দিয়েছে ভারতীয়  কর্তৃপক্ষ।

গতকাল বুধবার সন্ধ্যায় ট্রাকগুলো ঢাকার উদ্দেশ্যে ফিরে আসে।

ভারতের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় কাস্টমস কর্তৃপক্ষ স্থলবন্দর দিয়ে ট্রানজিট সুবিধা স্থগিত করে।

এ বিষয়ে পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, “ভারত সরকারের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বেনাপোল হয়ে পেট্রাপোলে ট্রানজিট সুবিধা আপাতত বন্ধ থাকবে।”

এ কারণে বেনাপোল বন্দর দিয়ে চারটি রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতের পেট্রাপোলে প্রবেশ করতে গেলে সেগুলোকে ফেরত পাঠানো হয়।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, “ফিরিয়ে দেওয়া এসব ট্রাক ছিল ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিএসভি এয়ার অ্যান্ড সি লিমিটেডের।”

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, “পেট্রাপোল কাস্টমস এখন তৃতীয় দেশে গমনের কোনো পণ্যের জন্য কার্পাস ইস্যু করছে না, ফলে তারা ওই পণ্যগুলো গ্রহণ করেনি।”

উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের শাসনকালে ২০২০ সালের ২৯শে জুন বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি হয়, যার আওতায় ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য পরিবহন করা যেত। কিন্তু ড. ইউনূস-সরকারের এই শাসনকালে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC) গত ৮ই এপ্রিল হঠাৎ করে সেই চুক্তি বাতিল করে দেয়।

এর ফলে এখন থেকে বাংলাদেশের রপ্তানি পণ্য ভারতের ভৌগোলিক এলাকা ব্যবহার করে অন্য দেশে পাঠানো যাবে না। এমনকি ইতোমধ্যে যেসব ট্রাক ভারতের মাটিতে প্রবেশ করেছে, সেগুলোকেও দ্রুত দেশটি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

Visited 87 times, 1 visit(s) today