পতাকা-ব্যানার নামাতে বলায় হিযবুত তাহরীরের জঙ্গি হামলায় আহত ঢাবি শিক্ষার্থী

পতাকা-ব্যানার নামাতে বলায় হিযবুত তাহরীরের জঙ্গি হামলায় আহত ঢাবি শিক্ষার্থী
শেয়ার করুন

ঢাবি প্রতিনিধি | ৯ই এপ্রিল, ২০২৫

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ব্যানার নামাতে বলায় জঙ্গিদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত সানি সরকার ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র।

গতকাল ৮ই এপ্রিল, মঙ্গলবার তিনি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করেছেন।

সানির অভিযোগ, সোমবার রাজু ভাস্কর্যের সামনে ফিলিস্তিনের সাথে সংহতি জানানো বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে। এ সময় জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্যদের হামলায় গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদেরও আহত হন।

লিখিত অভিযোগে সানি উল্লেখ করেছেন, সোমবার দুপুর ১টার দিকে টিএসসিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ফিলিস্তিন ইস্যুতে প্রোগ্রাম করছিলেন। সেখানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের জঙ্গিবাদী পতাকাও ব্যবহৃত হচ্ছিল। এতে তিনি বাধা দিয়ে তাদের বলেন, আমিও মুসলমান, তবে অনুরোধ করছি এই নিষিদ্ধ পতাকা নামিয়ে ফেলুন। রাজু ভাস্কর্যের সামনে যেকোনো আন্দোলন বা প্রোগ্রাম স্পর্শকাতর বিষয়। এসবের ছবি-ভিডিও আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়লে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে।

অভিযোগে সানি আরও লিখেন: অনুরোধের পর দু–একজন পতাকা নামিয়ে রাখলেও অন্যরা কথা শুনছিল না। তখন আব্দুল কাদের, খালেদ ও তানভীর ভাইসহ অন্যরা তাদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের কর্মীরা বুঝতে চায়নি। তারা আমাদের ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে ভিড়ের মধ্যে আমাকে ইচ্ছা মতো মারধর করে।

প্রক্টর অফিসে দেওয়া অভিযোগে সানি সরকার উল্লেখ করেন, স্বায়ত্তশাসিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন কীভাবে প্রোগ্রাম করতে পারে? যেখানে বহিরাগতদের কোনো কর্মসূচি করার অধিকার নেই, সেখানে আমরা এতটাই অনিরাপদ হয়ে পড়েছি যে বাইরের কেউ এসে প্রোগ্রাম বা তাদের প্রোপাগান্ডা চালিয়ে আমাদের ওপর হামলা চালায়।

এদিকে, এই জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে ৯ই এপ্রিল, বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদী কর্মসূচি পালন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তারা সানি সরকারের ওপর জঙ্গি হামলার প্রতিবাদ ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেন।

সানির ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদের এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিন নিয়ে কর্মসূচিগুলোতে বিভিন্ন সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পতাকা উড়তে দেখা গেছে। এর আগেও ফিলিস্তিনের পক্ষে আয়োজিত কর্মসূচিতে তারা তাদের পতাকা উত্তোলন করে আন্দোলনের ভাবমূর্তিকে আন্তর্জাতিক পরিসরে প্রশ্নবিদ্ধ করেছিল।

বিবৃতিতে আরও বলা হয়, এই জঙ্গি হামলার ঘটনার পরপরই প্রক্টরিয়াল টিমকে জানানো হলেও তারা দায়িত্বহীনতার পরিচয় দেয় এবং আহত শিক্ষার্থীকে উদ্ধারে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের উপস্থিতি ও কার্যক্রম প্রতিহত করতে দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

শিক্ষার্থীরা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের ঢাবি ক্যাম্পাসে দেখা যাওয়া মাত্র পুলিশে হস্তান্তরের জন্য প্রক্টরিয়াল টিমকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।

Visited 115 times, 1 visit(s) today