উখিয়ায় পারিবারিক সংঘর্ষে জামায়াতের আমিরসহ নিহত ৩

উখিয়ায় পারিবারিক সংঘর্ষে জামায়াতের আমিরসহ নিহত ৩
শেয়ার করুন
জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

৬ই এপ্রিল, রোববার সকালে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।

ওসি আরিফ বলেন, আমরা এ বিষয়ে এখনো কাজ করছি পরে বিস্তারিত জানাবো।

এ ঘটনায় নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও ওই ওয়ার্ডের জামায়াত আমির নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।

এর মধ্যে মামুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন।

তিনি বলেন, উখিয়ার কুতুপালং এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে ভিটে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে বিবদমান একপক্ষ বিরোধীয় জমিতে পাকা দেয়াল নির্মাণ শুরু করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।

তিনি আরও বলেন, উভয়পক্ষ ধারালো দাসহ লাঠিসোঁটা ও দেশিয় তৈরি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, নিহতদের আপন চাচাতো ভাইদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। আমি এখন হাসপাতালে আছি। ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছে এবং বাকি দু’জন মান্নান এবং তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।

মোহাম্মদ আলী জানান, মৃত তিনজনের মধ্যে জামায়াত আমির মাওলানা আব্দুল্লাহ আল মামুন এক পক্ষ এবং অন্য পক্ষের মান্নান এবং তার বোন শাহিনা মারা যায়।

Visited 64 times, 1 visit(s) today